আফ্রিকার নারী অ্যামেচার গলফের আসরটি এত দিন ছিল আমন্ত্রণভিত্তিক। আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার রয়্যাল জোহানেসবার্গে সেটি হবে মহাদেশের যোগ্য গলফারদের জন্য উন্মুক্ত চ্যাম্পিয়নশিপ। বুধবার এ ঘোষণা দিয়েছে দ্য আরঅ্যান্ডএ।
রয়্যাল জোহানেসবার্গের ইস্ট কোর্সে নারী আসর চলবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। একই কোর্সে পুরুষদের আফ্রিকা অ্যামেচার চ্যাম্পিয়নশিপ হবে ৩ থেকে ৬ ফেব্রুয়ারি। ২০২৬ সালেও সেখানে দুই আসর হয়েছিল। সেবার দক্ষিণ আফ্রিকার জ্যাক বুকানান ছয় শটের ব্যবধানে পুরুষদের শিরোপা জেতেন। নারী আমন্ত্রণমূলক আসরে লিসা কোয়েৎজার জেতেন দুই শটের ব্যবধানে।
নারী আসরের বিজয়ী দ্য উইমেনস অ্যামেচার চ্যাম্পিয়নশিপ ও এআইজি উইমেনস ওপেনের চূড়ান্ত বাছাইয়ে খেলার সুযোগ পাবেন। পুরুষদের বিজয়ীর জন্য থাকছে সেন্ট অ্যান্ড্রুজে ১৫৫তম দ্য ওপেন ও দ্য অ্যামেচার চ্যাম্পিয়নশিপে সরাসরি খেলার সুযোগ।

























