উত্তর আয়ারল্যান্ডের কজওয়ে উপকূলে প্রস্তাবিত বেলারেনা গলফ লিংকসের নকশা করবেন টাইগার উডস ও তাঁর প্রতিষ্ঠান টিজিআর ডিজাইন। প্রকল্পের উদ্যোক্তা গ্যালগর্ম কালেকশন ও রিফ ডেস্টিনেশনস জানিয়েছে, পরিকল্পনার অনুমোদন পেলে ২০২৭ সালে নির্মাণকাজ শুরুর আশা করছে তারা।
টিজিআর ডিজাইনের তথ্যমতে, পার-৭২ কোর্সটির দৈর্ঘ্য হবে ৭ হাজার ৪০২ গজ। প্রায় অর্ধেক হোল থাকবে লফ ফয়েল বা রো নদীর ধারে। উপকূলের বালুময় মাটি, ঢেউখেলানো টিলা ও বাতাসকে কাজে লাগিয়ে নকশা করা হচ্ছে। চওড়া ফেয়ারওয়ে থাকলেও বাধার অবস্থান ও গ্রিনে বল পাঠানোর কোণে ভিন্নতা থাকবে। ফলে একই হোল একাধিক কৌশলে খেলা যাবে।
এটি হবে উত্তর আয়ারল্যান্ডে টিজিআর ডিজাইনের প্রথম কোর্স। উডস জানিয়েছেন, কোর্সটি যেন উপকূলের স্বাভাবিক ভূদৃশ্যের অংশ বলে মনে হয়, সেটিই তাঁর লক্ষ্য। তিনি এমন নকশা চান, যা সেরা খেলোয়াড়দেরও পরীক্ষা নেবে, আবার বিভিন্ন দক্ষতার গলফাররা খেলাটি উপভোগ করতে পারবেন।
গ্যালগর্ম ২০২৫ সালে প্রথম বেলারেনা প্রকল্পের পরিকল্পনা প্রকাশ করে। তখন ২০২৯ সালে কোর্স চালুর লক্ষ্য জানানো হয়েছিল। সর্বশেষ ঘোষণায় নকশাকারদের নাম ও কাজ শুরুর সম্ভাব্য বছর জানানো হয়েছে। নির্মাণের জন্য এখনো অনুমোদন প্রয়োজন; কোর্স খোলার সময়ও চূড়ান্ত নয়।

























