ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে পঞ্চম গলফহাউস করপোরেট কাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উদ্বোধন করেন কুর্মিটোলা গলফ ক্লাবের সহসভাপতি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং দ্য গলফহাউসের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এ এম এম নজরুল হোসেন।
তিন দিনের প্রতিযোগিতার খেলা শুরু হয় ১৮ নভেম্বর। ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের আসরে প্রায় ৬৫০ জন গলফার অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে কুর্মিটোলার বিদেশি সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন গলফ ক্লাবের খেলোয়াড়ও রয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল শাহীনুল হকের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ক্লাবের কর্মকর্তারা, দ্য গলফহাউসের প্রতিনিধিরা ও প্রতিযোগিতার পৃষ্ঠপোষকেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং গলফহাউসের পরিচালন বিভাগের পরিচালক বদিউজ্জামান রাজু। স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে অনার মোবাইল এ আসরের টাইটেল স্পনসর।


ক্লাব জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টায় কুর্মিটোলায় পুরস্কার বিতরণী হবে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রচ্ছদ ছবি: কুর্মিটোলা গলফ ক্লাব।

























