আসামের ডিগবয় গলফ লিংকসে শেষ রাউন্ডের আগে শীর্ষস্থান থেকে মাত্র দুই শট দূরে বাংলাদেশের মো. রাজু। ইন্ডিয়ানঅয়েল সার্ভো মাস্টার্সে বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে পারের চেয়ে চার শট কম, ৬৮ খেলে এককভাবে চতুর্থ স্থানে উঠেছেন তিনি।

পাঁচ বার্ডি ও এক বোগির রাউন্ডটি রাজু শেষ করেন পার-৪ ১৮তম হোলে বার্ডি করে। প্রথম দুই রাউন্ডে ৬৯ ও ৭০ খেলা রাজুর মোট স্কোর ৯ আন্ডার পার ২০৭। ১১ আন্ডার পার ২০৫ স্ট্রোকে যৌথভাবে শীর্ষে ভারতের ওম প্রকাশ চৌহান, রৌনিল কুকার ও যুবরাজ সিং।
বাংলাদেশের জামাল হোসেন ও মো. সম্রাট শিকদার ৬ আন্ডার পার ২১০ স্ট্রোকে যৌথভাবে সপ্তম। জামাল তৃতীয় রাউন্ডে খেলেছেন ৭২, সম্রাট ৭১। আর ৬৯ খেলা মো. আকবর হোসেন ৩ আন্ডার পার ২১৩ স্ট্রোকে যৌথভাবে ২১তম।
শুক্রবার, ২০ নভেম্বর, শেষ রাউন্ড। এই প্রতিযোগিতা দিয়েই শুরু হয়েছে ডিপি ওয়ার্ল্ড পিজিটিআইয়ের ২০২৬–২৭ মৌসুম।























