উইমেনস অ্যামেচার লাতিন আমেরিকার শিরোপা ধরে রেখেছেন কলম্বিয়ার মারিয়া হোসে মারিন। রোববার গুয়াতেমালার এল পুলতে গলফে সাত শটের ব্যবধানে জিতে তিনি এই প্রতিযোগিতার প্রথম দুইবারের চ্যাম্পিয়ন হয়েছেন।
প্রথম তিন রাউন্ডে ৬৬, ৬৬ ও ৬৫ শট খেলা মারিন শেষ দিনে খেলেছেন ৭১ শট। চার রাউন্ড মিলিয়ে তাঁর স্কোর ২০ আন্ডার পার ২৬৮। ২০২৩ সালে আর্জেন্টিনার এলা আনাকোনার গড়া প্রতিযোগিতার রেকর্ড তিনি ভেঙেছেন পাঁচ শটের ব্যবধানে।
আট শট এগিয়ে শেষ রাউন্ড শুরু করা মারিন প্রথম হোলেই বার্ডি করেন। এরপর ১১ ও ১৪ নম্বর হোলেও বার্ডি তুলে নেন। শেষ চার হোলে পার করেই জয় নিশ্চিত করেন তিনি। তাঁর স্বদেশি মারিয়া ইসাবেলা এরিচেত্তো শেষ দিনে ৬৭ শট খেলে মোট ২৭৫ শটে দ্বিতীয় হন। মেক্সিকোর রেহিনা রোলদানের শেষ রাউন্ড ৬৯, মোট ২৮০ শটে তিনি তৃতীয়।
এই জয়ে ২০২৭ সালের এআইজি উইমেনস ওপেন, শেভরন চ্যাম্পিয়নশিপ ও আমুন্ডি এভিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা পেয়েছেন মারিন। জুনে রিভিয়েরায় যৌথভাবে অষ্টম হয়ে ২০২৭ সালের ইউএস উইমেনস ওপেনের যোগ্যতা আগেই অর্জন করেছিলেন তিনি। গুয়াতেমালায় প্রথম তিন স্থানে থাকা গলফাররা আগামী বছরের উইমেনস অ্যামেচার চ্যাম্পিয়নশিপেও খেলতে পারবেন।

























