ভিয়েতনামের ফান থিয়েতে উপকূলের জোর বাতাসেও শেষ রাউন্ডে একটি বোগিও করেননি জেমি ডোনাল্ডসন। রোববার ৬৮ শটের সেই রাউন্ডে ভারতের জিভ মিলখা সিংকে তিন শটে পেছনে ফেলে ভিয়েতনাম লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছেন ওয়েলসের এই গলফার।
পিজিএ নোভাওয়ার্ল্ড ফান থিয়েতে ডোনাল্ডসনের মোট স্কোর পারের চেয়ে ১৩ শট কম। ফেব্রুয়ারিতে মারবেয়ায় জয়ের পর এটি স্টেশিওর লেজেন্ডস ট্যুরে তাঁর এ মৌসুমের দ্বিতীয় শিরোপা। শেষ রাউন্ডের শুরুতে ব্রাজিলের আদিলসন দা সিলভার চেয়ে এক শট পিছিয়ে ছিলেন তিনি। প্রথম দুই হোলে বার্ডি করে এগিয়ে যান, পরে নবম ও একাদশ হোলেও বার্ডি পান।
১৫তম হোলে টি শটের পর প্রথম বলটি পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আরেকটি বল খেলতে হয়েছিল ডোনাল্ডসনকে। শেষ পর্যন্ত লম্বা ঘাসে প্রথম বলটি খুঁজে পেয়ে পার করেন তিনি। এরপর বাতাসের মুখে শেষ তিন হোলেও কোনো শট হারাননি।
শেষ দিনে ৭০ খেলে পারের চেয়ে ১০ শট কমে শেষ করেন জিভ মিলখা। সুইডেনের ইয়োয়াকিম হায়েগমান ও স্কটল্যান্ডের স্কট ড্রামন্ড ৬৭ এবং দা সিলভা ৭৩ খেলেন। তিনজনই পারের চেয়ে ৯ শট কমে যৌথভাবে তৃতীয়।
জয়ে মৌসুমের পয়েন্ট তালিকায় চার ধাপ উঠে দ্বিতীয় হয়েছেন ডোনাল্ডসন। শীর্ষে থাকা স্টিফেন গ্যালাখারের চেয়ে তিনি ৮৯.৮৫ পয়েন্ট পিছিয়ে। কম্বোডিয়ার ভাত্তানাক গলফ রিসোর্টে মৌসুমের শেষ দুই প্রতিযোগিতা হবে ২৭–২৯ নভেম্বর ও ৪–৬ ডিসেম্বর।
ভিয়েতনাম লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে জেমি ডোনাল্ডসন। ছবি: Staysure Legends Tour
























